প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
টেকনাফে নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক - ৪

কক্সবাজার সংবাদদাতা :
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার (১ নভেম্বর ) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনে নাজিরপাড়া বিওপির আলুগোলা পোস্ট এলাকায় নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের মংডু খাল হয়ে নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে - এমন গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া ও সাবরাং বিওপির যৌথ টহল দল নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।
পরে যৌথ বাহিনী বিএসপি পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার পূর্বে এবং জিরো লাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় ২০০ মিটার দূরে একটি সন্দেহজনক ইঞ্জিন নৌকাকে ধাওয়া করে। এ সময় নৌকায় থাকা ৪ জনকে আটক করা হয়। আটকের সময় তারা ইয়াবার বস্তা নদীতে ফেলে দেয়। পরে নদীতে তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জালিয়াপাড়ার আঃ খালেক (২৫) ও নূর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান (২৪) এবং ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাফেজ আহমদ (২৯)।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকসহ নৌকার বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ